এসএমই খাতে এক লাখ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ১ লাখ ৩ হাজার ৫৯২ কোটি টাকার ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ ঋণ বিতরণ করবে। এই লক্ষ্যমাত্রা ২০১৪ সালের তুলনায় ১৪ হাজার ৫৬১ কোটি টাকা বা ১৬ দশমিক ৩৫ শতাংশ বেশি।
এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার নতুন এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। এ সময় উপমহাব্যবস্থাপক এস এম ফেরদৌস ও ওয়াহিদা নাসরিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে জানানো হয়, চলতি বছর রাষ্ট্রীয় ব্যাংকগুলো ৭ হাজার ৫৮ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকগুলো ৫ হাজার ৬০০ কোটি টাকা, বিদেশি ব্যাংকগুলো ৮০৪ কোটি টাকা, বেসরকারি খাতের ব্যাংকগুলো ৮৬ হাজার ৫০৪ কোটি টাকা এসএমই খাতে বিতরণ করবে। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলো ৩ হাজার ৬২৫ কোটি ৬১ লাখ টাকার ঋণ বিতরণ করবে।
স্বপন কুমার রায় জানান, দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত অর্থায়ন করছে। ২০১৪ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত ৮৯ হাজার ৩১ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার মধ্যে গত সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ৭২ হাজার ৬২ কোটি টাকা বিতরণ হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৯ হাজার ৫৯০ কোটি টাকা বা ১৩ দশমিক ৩৫ শতাংশ বেশি। ডিসেম্বর পর্যন্ত বিতরণের হার শতভাগ ছাড়াবে বলে আশা প্রকাশ করেন স্বপন কুমার। তিনি বলেন, একটি সময় ব্যাংকগুলো শুধু বড় উদ্যোক্তাদের ঋণ দিতে চাইত। তবে এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
বড় ঋণগ্রহীতার তুলনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের আদায় ভালো বিবেচনায় এসএমই খাতে এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণে বেশি আগ্রহ দেখাচ্ছে বলে জানা গেছে।
এ কারণে চলতি বছরের নির্ধারিত লক্ষ্য অর্জন করা কোনো সমস্যা হবে না বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।